আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুং-টাং শব্দে তৈরি হচ্ছে পশু কাঁটার জন্য দা, বটি, ছুরি, চাপাতি। শনিবার শহরের রিজার্ভ বাজার, বনরূপা, টিএন্ডটি এলাকাসহ প্রায় ২০টি দোকানে সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বটিতে শান দিতে।
আবার মোটর চালিত মেশিনে শান দেয়ার কাজ চলছে পুরানোগুলোর। কেউবা ব্যস্ত নতুন দা-ছুরি তৈরিতে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কাজের চাপ কিছুটা কম বলে জানান দোকানীরা। অন্যদিকে দা, বটি, ছুরি কিনতে আসা লোকজনের দাবি বাড়তি দাম হাকাচ্ছেন বিক্রেতারা।
রিজার্ভ বাজার কামারের দোকানে দা, ছুটি শান দিতে আসা মজিবুর রহমান ও শামশুদ্দিন বলেন, পুরনো কিছু জিনিস শান দিব, নতুন ছুরি কিনতে আসছি। গত বছরের চেয়ে দাম কিছুটা বেশি চাচ্ছে। শেষ সময় দাম বেশি হলেও কাজ করতে করতে হবে।
কামাররা জানিয়েছেন, গত বছরের চেয়ে কাজ কম। আর সব জিনিসপত্রের দাম বেড়েছে। কেই পুরোনো জিনিস শান দিচ্ছেন কেউবা নতুন কিনছেন। আশা করছি শেষদিন বেচাবিক্রি ভালো হবে।
