পানছড়ি সংবাদদাতা
দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও শান্তির জন্য এ দেশে শেখ হাসিনার কোনও বিকল্প নাই। সুখে-দুঃখে যাকে আমরা কাছে পাই তিনি হলেন আমাদের জনতার নেত্রী শেখ হাসিনা। পার্বত্য জেলার যখন যেখানে প্রয়োজন হয়েছে তিনি নিজ থেকে প্রেরণা দিয়ে আমাদের মাঝে সাহস যুগিয়েছেন। শেখ হাসিনার হাত ধরেই পাহাড়ে শান্তি ফিরেছে। এসআইডি-সিএইচটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
গত বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় পূজাগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় জিওবি-র অর্থায়নে নির্মিত পূজগাং কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র ও মার্কেট কালেকশন পয়েন্টের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী সময়ে অতিথিরা পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাশে শিক্ষার্থীদের সাথে সময় কাটান। এ সময় পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের ঘোষণা দেয়া হয়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ইউএনডিপি-র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা।
