নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বঙ্গবন্ধু দেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছেন, আর তারই সুযোগ্য কন্যা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা এনে দেয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে ধরেছেন। তিনি আরো বলেন, যে জাতির ভাষা থাকবে না, সে জাতি বিলুপ্ত হয়ে যাবে। যে জাতি ভাষা থাকবে সে জাতি বেঁচে থাকবে অনন্তকাল ধরে। তাই নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে ভাষা ও সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে ভাষা মুখে চর্চার পাশাপাশি লিখিত রূপও চর্চার আহ্বান জানান। শনিবার দুপুরে রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পিস এন্ড হারমোনি ট্রাস্টের উদ্যোগে গীতি আলেখ্য ও বহুভাষিক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন লেখকের কবিতা চাকমা, চাক, তঞ্চঙ্গ্যা, অহমিয়া, ত্রিপুরা ভাষায় উপস্থাপন করা হয়।
কবি আনিস মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ, রাঙামাটি জেলা পুলিশের প্রতিনিধি ডিআই-১ আব্দুল্লাহেল বাকী, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, অনুষ্ঠানে সমন্বয়কারী ও রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিজন চৌধুরী, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক রুনেল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল।
অনুষ্ঠানে কবি আনিস মুহম্মদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে পিস এন্ড হারমোনি ট্রাস্টের উদ্যোগে ১০০টি কবিতা, ৫২টি সংকলনে ৭১টি ভাষায় প্রকাশ করা হবে। কয়েকদিন পরেই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নৃ-গোষ্ঠী থেকে নির্বাচিত ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হবে।
অনুষ্ঠানে কবি আনিস মুহম্মদের রচিত ও শিল্পী মনোজ বাহাদুর গুর্খার সুরে গীতি আলেখ্য পরিবেশন করে সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়ের শিক্ষার্থীরা।
