নিজস্ব প্রতিবেদক ॥
শব্দচাষ আবৃত্তি সংগঠনের উদ্যোগে উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার রাঙামাটি শিল্পকলা একাডেমিতে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনীল কান্তি দে, সমাজকর্মী ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিশিষ্ট কবি হাসান মঞ্জু ও মনির আহমেদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিখ্যাত আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সভাপতি প্রমা আবৃত্তি সংগঠন। কর্মশালার সভাপতিত্ব করেন শব্দচাষ আবৃত্তি সংগঠনের সভাপতি সুরাইয়া রুমা। কর্মশালায় শুভ উদ্বোধনে কবিতা পাঠ করেন সুনীল কান্তি দে, মেয়র আকবর হোসেন চৌধুরী ও ইউএনও নাজমা বিনতে আমিন।
তারা বলেন বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার ঐতিহ্যকে লালন করতে হলে প্রমিত বাংলা উচ্চারণ চর্চা করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে বাংলা ভাষাকে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলার ক্ষেত্রে শব্দচাষের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা বিশাল ভূমিকা পালন করবে।
কর্মশালার প্রশিক্ষক রাশেদ হাসান বলেন, সংস্কৃতিকর্মী সত্যিকারের মানুষ হয়ে উঠে সংস্কৃতিকে চর্চা ও লালন করার মধ্য দিয়ে এবং ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কায়সার আহমেদ ও চৈতি ঘোষ। সংগঠকরা কবিতা আবৃত্তি করে চমৎকার একটা আবহ তৈরি করেন। চৈতি, চন্দ্রিকা, রাহাত, দীপা চন্দ্র ও প্রতিষ্ঠা আবৃত্তি করেন।
