ঢাকায় খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “পাহাড়ে আজ যা ঘটছে এগুলো বিচ্ছিন্ন কিছু নয়। আমার মায়ের মৃত্যুর পর আমার দুচোখ ভরে জল এসেছিল। আমি যখন পাহাড়ের এক তরুণ উপজেলা চেয়্যারম্যানের নৃশংস হত্যাকাণ্ডের খবর পাই, তখনও তাই হয়েছে।”
কাদের বলেন, শক্তিমান চাকমার সঙ্গে প্রায়ই তার কথা হত। বুধবার সকালেও ফোন করে তিনি জীবনের ঝুঁকির কথা বলেছিলেন।
পাহাড়ে এক উপজেলা চেয়ারম্যানকে খুনের পরদিন মাইক্রোবাসে গুলি চালিয়ে আরও পাঁচজনকে হত্যার পেছনে ‘মতলববাজ মহলের সম্পৃক্তার ইঙ্গিত’ পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, রাঙামাটি ও খাগড়াছড়িতে যা ঘটেছে, তা ‘বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়’।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় খেলাঘর আসরের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদেরের এ মন্তব্য আসে।
তিনি বলেন, “পাহাড়ে আজও রক্তপাত হল। শান্তির মধ্যে অস্থিরতা তৈরির জন্য একটা মতলবি মহল সক্রিয়। বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা অনেকের ঈর্ষার কারণ। সোজা পথে পারে না, বাঁকা পথে আসে। আলোতে পারে না, অন্ধকারের আশ্রয় নেয়, রক্তপাতের আশ্রয় নেয়, ষড়যন্ত্রের আশ্রয় নেয়।”
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি শক্তিমান চাকমাকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে জেএসএস (এমএন লারমা) এবং উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের গণতান্ত্রিক) একদল নেতাকর্মী খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার পথে হামলার শিকার হন। তাদের মাইক্রোবাসে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়, আহত হন আরও আটজন।
সংগঠন দুটি ওই হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করলেও প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন দলটি তা অস্বীকার করেছে।
“আমাকে বলেছিল পরশু দিন, ‘ভাই আপনার কাছে কিছুই চাওয়ার নাই। আমার জীবন ঝুঁকির মুখে। আমার মেয়েটা রাঙামাটি মেডিকেলে পড়ে। ওখানে আমি কিছুতেই তাকে নিয়ে স্বস্তিতে থাকতে পারছি না। আমি নিজেও শহরে যেতে পারি না। নানিয়ারচর উপজেলায় থাকি। আমার একটা অনুরোধ, আমার মেয়েটিকে একটু রক্ষা করেন, চট্টগ্রাম অথবা ঢাকায় তাকে ট্রান্সফার করে দেন।”
কাদের বলেন, “মেয়ের জীবন ঝুঁকির মুখে বলল, আর তার জীবন শেষ হয়ে গেল। আর তার জন্য আজও ৪/৫ জন মারা গেল!”
নির্বাচন সামনে রেখে এ বছর আরও অনেক ‘অঘটন ঘটানোর চক্রান্ত হচ্ছে’ মন্তব্য করে সবাইকে সতর্ক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
