লংগদু প্রতিনিধি ॥
পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম লংগদু উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবে টেলিভিশন উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের নিকট এই উপহার হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘সাংবাদিকরা সমাজের ও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ। তাঁরা সব সময় দেশ, মানুষ ও সমাজের কল্যানে কাজ করেন। তাদের কাজের মাধ্যমে প্রশাসন সব সময় সহযোগীতা পেয়ে থাকে। সাংবাদিকদের কাজকে এগিয়ে নিতে প্রশাসনও তাদের পাশে থাকতে চায়।’
অনুষ্ঠানে লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান বলেন, প্রায় দুই যুগ আগে প্রতিষ্ঠিত লংগদু প্রেসক্লাব এই উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে চলেছে। এই দীর্ঘ সময়ে আমরা সব সময় প্রশাসনকে পাশে পেয়েছি। আমরা ভাড়া ঘর থেকে নিজস্ব কার্যালয় স্থাপন করতে পেরেছি প্রশাসনের সহযোগিতায়। আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা জানাই সাবেক জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সাবেক জোন কমান্ডার লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, সাবেক ইউএনও নিজাম উদ্দিন আহামেদ, প্রবীর কুমার রায় ও বর্তমান ইউএনও মাইনুল আবেদীন স্যারকে। ওনাদের আন্তরিক সহযোগিতায় আজ আমরা এই দুর্গম উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে পারছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবেয়ের হোসেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এর প্রতিনিধি আরমান খান, সাংবাদিক আলমগীর হোসেন, আরাফাত বেলাল প্রমূখ।
