রাঙামাটির লংগদু উপজেলায় শুরু হয়েছে পাহাড়ের বৈচিত্র্যপূর্ণ চাকমাদের ‘বিজু’ উৎসব। উপজেলার বড়াদম এলাকাবাসীর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বিজু উৎসব পালন উপলক্ষে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, বিকালে বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সপ্তাহ ব্যাপী ‘বিজু’ উৎসব উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন লংগদু বড়াদম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগত লংকার। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।
জনসংহতি সমিতির লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী (পিএসসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। এছাড়া স্থানীয় চন্দ্র সুরৎ কার্বারি, লংগদু ইউপি মহিলা সদস্য আরতি বালা চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী বিজু উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। এসময় কয়েক শত দর্শক সমাগম হয়।
