নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহীম ও জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম নিহত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের বিক্ষোভ মিছিল শেষে মাইনীমুখ বাজারস্থ ইউপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছির। উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মো. ইউনুছ মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে দেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, সহ সভাপতি আব্দুল গাফ্ফার ভূইয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ হালিম, দপ্তর সম্পাদক মো. সাইফুল খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার একদলীয় বাকশাল কায়েম করছে। তাই ভোলাতে পুলিশ বাহিনী দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের নেতাকে গুলি করে হত্যা করেছে। বক্তারা আরো বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। লুটপাট আর দুর্নীতির কারণে দেশে আজ তেল, গ্যাস, বিদ্যুতের সংকট চলছে। এসব সমাধান না করে বিরোধী দলের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে অভিযোগ বক্তাদের।
