রাঙামাটির লংগদুতে পুতুল খেলতে না পেরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পূজা চন্দ্র শীল (১১) নামের এক কিশোরী। শনিবার সন্ধ্যায় উপজেলার ভাইবোনছড়া এলাকার নিজবাড়ি হতে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত কিশোরী ওই এলাকার পলাশ চন্দ্র শীল দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী।
পূজার স্বজনেরা জানায়, শনিবার সকাল ১১টায় মায়ের কাছে পুতুল খেলার আবদার করে কিশোরী পূজা। এ সময় তার মা বকাঝকা করে এবং একটি পুতুল দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এর কিছু সময় পর শোবার ঘরে এসে দেখেন কিশোরী পূজা তার ওড়না গলায় পেঁচিয়ে ঘড়ের খুটির সাথে ঝুলে আছে। মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং স্থানীয় একজন পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লংগদু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসছি। রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’