শুভ্র মিশু ॥
রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে শাহিন আলম (১৮) নামে এক শ্রমিক। এসময় আহত হয়েছে একজন। রবিবার বিকালে সাড়ে চারটার দিকে লংগদু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়াদাম বাদুরতলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লংগদু মুসলিম ব্লক থেকে মাইনী পর্যন্ত সড়ক নির্মাণের মাটি ভরাটের জন্য পাশের একটি ব্যক্তি মালিকানা পাহাড়ের মাটি বিক্রয় করা হয়েছে, সে পাহাড়ের মাটি কাটতে গিয়েই মাটি চাপা পড়ে শাহিন আলম। একই সাথে মো. নাসির নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক লংগদু ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, বড়াদাম এলাকায় পাহাড় কাটতে গিয়ে একজন মাটি চাপা পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
