বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না’কে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. মাহফুজুর রহমান। তিনি ৬৪৩ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১১৯ ভোট।
এছাড়া সদস্য পদে আট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সুলতান মাহমুদ চৌধুরী ৫৭০, সাওয়াল উদ্দিন ৪৯৮, মো. মনিরুল ইসলাম ৪১৪, আশীষ দাশগুপ্ত ৩৮৫ ও এনএম জাহাঙ্গীর ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে মো. কামাল উদ্দিন ২৬১, মো. জসিম উদ্দিন ১৮৬ ও মোহাম্মদ সোলায়মান ২৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সদস্য পদে পাঁচজন ও সেক্রেটারি পদে নির্বাচিত মাহফুজুর রহমান রাঙামাটি জেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন। এই নির্বাচনের মধ্য দিয়ে রেড ক্রিসেন্টের ভোটেও আওয়ামী লীগ প্যানেলের বড় ব্যবধানে জয় হয়েছে।
এর আগে এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা রফিক আহমেদ তালুকদার।
শুক্রবার সকাল দশটায় রাঙামাটি জেলা শহরের শহীদ আব্দুল আলী একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এর পর সন্ধ্যায় ভোট গগনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মো. হাবিবুর রহমান।
