রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা বিশেষ অতিথি ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শফি উল্লাহ ।
সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে বিদ্যালয়ের প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমা বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার। তাহলে আমরা সবক্ষেত্রে অন্যান্যদেরও দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে পারব। এখান থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা নিবে। কারণ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি ও কাজ করবে। কাজেই এখান থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে আমার মনে হয় প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন, সে স্বপ্নকে সহায়তা করতে পারব।
দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শফি উল্লাহ বলেন, ২০০৪-২০২২ পর্যন্ত দীর্ঘ আঠারো বছরের পথ পরিক্রমায় আমরা দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু দুর্নীতি এমন এক জিনিস যা আইন দ্বারা নিয়ন্ত্রণ কঠিন। জনসচেতনতা ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না।
এছাড়াও সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফারহাদ হোসেন। সেমিনারে উপস্থাপনা করেন বিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৌরভ দত্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
