রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলীতে সরকারি টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমার(৩৫) মৃত্যু হয়েছে। এসময় মাহিন্দ্রায় থাকা তিন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায়া দুইজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত একজনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার বেলা ২টায় রাজস্থলীর ২নং গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সরকারি খাদ্য সরবরাহ বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশে যাচ্ছিল। ইসলামপুর ৫নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়িটি গাইন্দ্যা সড়কে পৌঁছালে ট্রাকের(ফরিদপুর- ট ১১-০১৭০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাহিন্দ্রার চালক হ্লাথোয়াচিং মারমা মারা যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
রাজস্থলী ও চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
