সৈকত বাবু
রাঙামাটি শহরের তবলছড়ির এডিসি হিল এলাকার দুই শিশু কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। বুধবার বিকেলে তার মৃতদেহ উদ্ধার করা হয় হ্রদ থেকে। রাঙামাটি শহরের শেষপ্রান্তে অবস্থিত বিজিবি সেক্টর হেডকোর্য়াটারের পাশ^র্বতী আমিনা পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ।
মৃত দুই শিশুর একজন মাহিদুর রহমান মুহিত(১১),এডিসি হিল এলাকার বাসিন্দা এবং শাহ্ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার পিতার নাম মুশিকুর রহমান। অন্যজনের নাম আহনাফ সাদিফ ইনাম (১১),তার পিতার নাম আনোয়ার হোসেন,সে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্র। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু।
রাঙামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরনবী জানিয়েছেন, ‘ নিহত দুই শিশু দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে তারা গোসল করতেই পাশ্ববর্তী বিজিবি সেক্টর সংলগ্ন আমিনা পাহাড় এলাকায় যায় এবং পানিতে ডুবে যায়। তবে তার ঠিক কি কারণে অবেলায় এত দূরের ওই এলাকায় গেলো সেটা পরিবারের কেউ বুঝতে পারছিনা।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। অনেক দেরিতে নিয়ে আসা হয়েছে।
এদিকে শহরের এডিসি হিল এলাকায় প্রতিবেশী দুই শিশু বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। কান্নায় ভেঙ্গে পড়েন দুই শিশুর সহপাঠি,স্বজন ও এলাকাবাসি। সদা প্রাণচঞ্চল দুই শিশুর মৃত্যুকে মেনে নিতে পারছেন না এলাকার মানুষ।
