নিজস্ব প্রতিবেদক ॥
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাঙামাটি জেলা শাখা। রবিবার সকালে তবলছিড়স্থ যুব ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
যুব ইউনিয়ন রাঙামাটি জেলা শাখার সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়ুয়া শংকর, এসময়ে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিপিবি রাঙামাটি জেলার সহ সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, খেলাঘর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দলীয় লোকদের লুটপাটের কারণে দেশে আজ বিপর্যয়ের দ্বারপ্রান্তে। সাধারণ মানুষের কথা ভাবে না বলেই এ সরকার বারবার তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। যুব ইউনিয়ন তার গৌরবময় ইতিহাসকে ধারণ করে যেকোন অন্যায়কে রুখে দিবে বলেও মন্তব্য করেন আলোচকরা।
যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সান্টু দেবের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সোহেল সাহা, দপ্তর সম্পাদক দেবু দে। আলোচনা সভা শেষে অতিথিরা যুব ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
