বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী অনশন পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনগুলো।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন শুরু হয়। এতে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আজগর সুমন, জেলা জাসাস’র আহবায়ক আলী হোসেন চৌধুরীসহ আরো অনেকেই।
এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ সরকার সাধারণ মানুষের অধিকারহরণ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। দেশে দিনদিনই গনতন্ত্র নামক ভাষাটি হারিয়ে যাচ্ছে। সরকার আগামীদিনেও নিজেদের ক্ষমতাকে বলবৎ রাখার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন সময় হয়েছে জনগণকে সাথে নিয়ে অবৈধ সরকারকে উৎখাত করার।
তারা আরও বলেন, সারাদেশে এখনো খুন, গুম, অপহরণ এখনো চলমান রয়েছে। গতকালও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আটক করেছে ডিবি পুলিশ। আমরা আজকের এই প্রতীকী অনশন থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সারাদেশে বিএনপি ও আমাদের সহযোগী সংগঠনের আটক নেতাদের কারামুক্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
