নিজস্ব প্রতিবেদক
পার্বত্য শহর রাঙামাটিতে সবচে বেশি দামে বিক্রি হওয়া গরুটির দাম পড়েছে ২ লক্ষ ৫ হাজার টাকা, এমন তথ্য জানিয়েছেন রাঙামাটি পৌরসভার গরু হাটের ইজারাদার রুহুল আমিন। তিনি বলছেন,শনিবার বিকাল অবধি এটিই এই বাজার থেকে বিক্রি হওয়া সবচে বেশি দামের গরু।
রুহুল আমিন জানিয়েছেন, এইদিন বিকেল পর্যন্ত প্রায় হাজারখানেক গরু বিক্রি হয়েছে এবং দুইশতের মত ছাগল বিক্রি হয় একই সময়ে। ২ জুলাই থেকে শুরু হওয়া এই বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু আছে বলে জানাচ্ছেন এই ইজারাদার। শেষ মুহুর্তে জেলা শহরের বাইরে গরু নেয়া বন্ধ করার তথ্যও জানালেন তিনি।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় তিনি পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, এখন বাজারে প্রায় শ দেড়েক গরু এবং অর্ধ শতের মত ছাগল আছে। দামও নাগালের মধ্যেই বলে মন্তব্য করেছেন তিনি।
বাজার ইজারা নিয়ে কতটা লাভ বা লস হবে জানতে চাইলে তিনি জানিয়েছেন, লাভ লোকসানের হিসাব এখনই বলা যাবেনা। চূড়ান্ত হিসাবের পর বলতে পারব। তবে এই বছর গরুর দাম তুলনামূলক কম ছিলো।
রুহুল আমিন আক্ষেপ করে বলেন, ‘আসলে এই গরুর বাজারে লাভ করা কঠিন। কারণ ছোট শহর,সবাই সবার পরিচিত। গরু কেনার পর নির্ধারিত হারে হাসিল দেয়না বেশিরভাগ মানুষ। নিয়মানুসারে লাখে ২ হাজার টাকা দেয়ার কথা থাকলেও বেশিরভাগ পাঁচশ টাকা দিয়ে চলে যায়। কিছু বলারও থাকেনা।’
