পার্বত্য জেলা রাঙামাটি থেকে করোনা টেস্ট করার জন্য রবিবার সংগ্রহ করে পাঠানো দুটি রিপোর্টই নেগেটিভ এসেছে,মানে দুজনের শরীরেই করোনা ভাইরাসের উপস্তিতি নেই। ফলে স্বস্তির নি:শ্বাস ফেলেছেন রাঙামাটির চিকিৎসক ও প্রশাসনের কর্মকর্তারা। সোমবার সন্দেহভাজন আরো ১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে চট্টগ্রামের পরীক্ষাকেন্দ্র।
রাঙামাটির সিভির সার্জন কার্যালয়ের করোনা মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: গোলাম মোস্তফা পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন-‘ আমরা প্রথম যে দুটি নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি দুটি নেগেটিভ আসায় আমরাও খুশি। আজ আরো ১০ টি নমুনা পাঠানো হয়েছে। দেখা যাক সেগুলো কি আসে। এখন থেকে নিয়মিতই এই নমুনা পাঠানো হবে বলেও জানান করোনা সংকট শুরুর পর থেকে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই চিকিৎসক।
রাঙামাটির নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশও বলেছেন, প্রথম দুটি টেস্টই নেগেটিভ এসেছে, এজন্য আমরা খুশি। তবে আমরা বসে নেই। রাঙামাটিবাসির প্রতি অনুরোধ করবো কেউ যেনো বাসা থেকে একদম বের না হয়। প্রশাসন সবাইকে ঘরে থাকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে।’
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুফিউল্লাহ রাঙামাটির গণমাধ্যমকর্মী এবং মানুষের প্রতি কোন গুজব বা অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, এমন কিছু প্রচার করবেন না,যা মানুষের মধ্যে ভয় ভীতি ও শংকা তৈরি করে। আপনারা যেটা সত্য,সেটা আমাদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে রিপোর্ট করেন। কোন সমস্যা নাই। তবে ভূয়া,ভিত্তিহীন ও উস্কানিমূলক সংবাদ কিংবা ফেসবুক প্রচারনা করলে আইনগত উপায়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
