আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলায় আওয়ামী লীগ থেকে আট উপজেলার আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন-‘রাঙ্গামাটি সদরে রোমান, লংগদুতে বারেক সরকার, কাপ্তাইতে মফিজ, রাজস্থলীতে উবাচ মারমা, কাউখালীতে দোহা, বরকলে সবির চাকমা, জুরাছড়িতে রুপ কুমার, বিলাইছড়িতে জয়সেন তঞ্চঙ্গ্যাকে রাঙ্গামাটি জেলার উপজেলা আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন, সবাইকে নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যর আহ্বান জানাচ্ছি–সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ’
তাঁর এই ঘোষণা সূত্রে জানা যায়, রাঙামাটির ১০টি উপজেলার ৮টিতে আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ে মনোনীতরা হলেন, রাঙামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান মহসিন রোমান, বরকলে সবির কুমার চাকমা, কাউখালীতে সামসুল দোহা চৌধুরী, কাপ্তাইয়ে মফিজুল হক, লংগদুতে আব্দুল বারেক সরকার, বিলাইছড়ি উপজেলায় জয় সেন তঞ্চঙ্গ্যা, জুরাছড়িতে রূপ কুমার এবং রাজস্থলীতে উবাচ মারমা। অন্যদিকে বাকি দুই উপজেলা নানিয়ারচর ও বাঘাইছড়িতে এখনও প্রার্থীতা চুড়ান্ত করতে পারেনি বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
এ বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে বাচাইয়ের পর ৮টি উপজেলার প্রার্থী নিশ্চিত করা হয়েছে। জেলা আওয়ামীলীগ যাদের মনোনীত করেছে তারা নিঃসন্দেহে বিজয়ী হবেন। কারণ তাদের এলাকায় গ্রহণ যোগ্যতা রয়েছে এবং তারা অত্যন্ত সুপরিচিত ও সাধারণ মানুষের সুখ-দুঃখে তারা সব সময় পাশে থাকতেন।
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্তু চাকমা জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে। এছাড়া বাকি চার ধাপের খসড়া তফসিলও প্রস্তুত করেছে ইসি। ইসির খসড়া অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপগুলোতে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রাঙামাটি উপজেলা নির্বাচনও মার্চে অনুষ্ঠিত হবে তবে এখনো পর্যন্ত কত তারিখ হবে তা আমাদের জানানো হয়নি। আগামী সপ্তাহের মধ্যে জানা যাবে।
