অরণ্য ইমতিয়াজ
৩১ মে ২০২১। সিভিল সার্জন অফিস রাঙামাটির তথ্য বলছে,মে মাসেই সেই শেষ দিন অবধি পার্বত্য এই জেলায় কোভিড-১৯ সংক্রমিত হয়েছিলেন ১৫৩২ জন। এবং সেদিন দেয়া প্রতিবেদনের তথ্য বলছে,সেই সময় সর্বশেষ ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছিলেন মাত্র ১ জন।
অথচ এর ঠিক এক মাস পর ৩০ জুন তারিখে একই দপ্তরের প্রতিবেদন জানাচ্ছে, সংক্রমন বেড়ে হয়েছে ১৭২২ জন,যা আগের মাসের চেয়ে ১৯০ জন বেশি। অর্থাৎ জুন মাসে কোভিড সংক্রমিত হয়েছেন ১৯০ জন। এই সময়ে মারাও গেছেন একজন।
তবে জুনের শেষ দিনের প্রতিবেদনের চেয়েও উদ্বেগের এর পরদিন, ১ জুলাই পাওয়া প্রতিবেদন । এই প্রতিবেদন তার সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন সংক্রমিত ২৬ জন সহ মোট সংক্রমন জানাচ্ছে ১৭৪৮ জন !
সবচে ভয়ের বিষয় হলো ২৯ জুন থেকে ১ জুলাই, এই তিনদিনে রাঙামাটিতে কোভিড পজিটিভ হয়েছেন ১৯ জন, ১৬ জন এবং ২৬ জন। অর্থাৎ তিনদিনে মোট সংক্রমিত হয়েছেন ৬১ জন !
পুরো বিষয়টিকে ‘ভীষণ উদ্বেগ’র মন্তব্য করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল,রাঙামাটিবাসিকে সরকারঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে মে মাসের শেষ দিনে সিভিল সার্জন অফিস মোট ৩২ হাজার ৬০২ জনকে করোনা টিকার প্রথম এবং ১৮৮৭১ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার তথ্য জানালেও জুন মাসের শেষ দিন জানিয়েছে, প্রথম ডোজ নিয়েছে ৩২ হাজার ৯২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮৮৮১ জন। অর্থাৎ এই এক মাসে নতুন করে প্রথম ডোজ নিয়েছেন জেলার ৩২৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ জন !
