‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- এ শ্লোগানে পার্বত্য শহর রাঙামাটিতে শুরু হয়েছে দুইদিনব্যাপি সাংস্কৃতিক উৎসব-২০১৮।
সংস্কৃতি মন্ত্রণালয় ও রাঙামটি জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবে জেলা পুলিশ সুপার আলমগীর কবির, ডিজিএফআই এর কর্ণেল জিএস সামসুল আলম পিএসসি ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির দর্পণ। যে জাতি সাংস্কৃতির দিক দিয়ে যত বেশী উন্নত সে জাতি দেশ বিদেশে দ্রুত পরিচিতি লাভ করে।’
তিনি বলেন, সংস্কৃতিমনার মানুষগুলো কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনা। তাদের লোভ-হিংসার মনোভাব থাকেনা। তাই নতুন প্রজন্মদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে।’ 
এর আগে অনুষ্ঠানের শুরুতে বর্তমান সরকারের উন্নয়নের তথ্যচিত্র নিয়ে ভিডিও প্রামান্যচিত্র পরিবেশন করা হয়। শেষে রাঙামাটির বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের নৃত্য ও সংগীত শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Previous Articleলামায় পৃথক পৃথক দূর্ঘটনায় আহত ১১
Next Article অসুস্থ কল্পরঞ্জন চাকমাকে দেখে গেলেন ওবায়দুল কাদের
