নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, স্কাউট নেতা নুরুল আবছারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের ১৪ ডিসেম্বর দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর এই হত্যাযজ্ঞ সংগঠিত করে। পরাজয়ের আগমুহূর্তে চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।’
অনুষ্ঠানের শুরুতে মহান বুদ্ধিজীবী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
