একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনিস্বপন দেওয়ানের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে বিএনপি যে মনোনয়নের চুড়ান্ত নামের তালিকা ঘোষণা করা হয়। এতে মনিস্বপন দেওয়ানকেই এই আসনের চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী শাহ আলম।
এর আগে এই আসনে নির্বাচন করতে ইচ্ছুক বিএনপির নয় নেতা মনোনয়ন কিনেন। যার মধ্যে দীপেন দেওয়ান ও মনিস্বপন দেওয়ান দুইজনকে মনোনয়ন দেয় দলটি। পরর্বতীতে শুক্রবার চুড়ান্ত নাম ঘোষণাকালে সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানের নাম ঘোষনা করা হয়।
মনিস্বপন দেওয়ান ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বিএনপিতে যোগদান করেন এবং নির্বাচনে অংশ নিয়ে এই আসনটি বিএনপিকে স্বাধীনতার পর প্রথমবারের মত উপহার দেয়। পরবর্তীকালে ২০০৬ সালে তিনি এলডিপিতে যোগ দেয়, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন জমা দিলেও নির্বাচনে অংশ নেননি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো বিএনপিতে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে আবারো বিএনপিতে যোগদান করেন এবং মনোনয়ন চান।
এদিকে দলীয় মনোনয়ন চুড়ান্ত হবার পর তাৎক্ষণিকভাবে মনিস্বপন দেওয়ানকে জেলা বিএনপি কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, বিএনপি প্রার্থী হিসাবে মনিস্বন দেওয়ানের নাম আসার পর থেকেই আওয়ামীলীগ নেতা কর্মীদের মনোবল ভেঙ্গে গেছে, এমনকি দীপংকর তালুকদারেরও ঘুম হারাম হয়ে গেছে। আজ থেকে কোন নেতা কর্মীর অফিসে এসে মুখ দেখানোর প্রয়োজন নেই। মাঠে কাজ করেন, জয় আমাদের ছিনিয়ে আনতে হবে। আওয়ামী স্বৈরশাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
এসময় মনিস্বপন দেওয়ান বলেন, আমাদের মাঝে মতভেদ ছিল, আমি মনে করি আজকের পর থেকে আর কোন মতভেদ থাকবে না, যদিও থাকে তা আমরা চুকিয়ে ফেলবো, আমরা কোন ব্যক্তির জন্য কাজ করছি না, করছি ধানের শীষের জন্য। আমার সমর্থকরা এমন কোন কথা বলবেন না যাতে ওরা কষ্ট পায়। দীপেন অনুসারী থাকতেই পারে তিনি দীর্ঘদিন দলে নেতৃত্ব দিয়েছেন, এখন আমরা সবাই ধানের শীষের অনুসারি।
তিনি আরও বলেন, কোনও দাম্ভিকতা নয়, বিনয়ের সাথে মানুষের কাছে যাবেন ভোট চাইবেন, দেখবেন ভোটাররা আপনাকে বিমুখ করবে না। নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারণা করবেন, মনে রাখবেন সরকার সব সময় আমাদের ভুল খুঁজে বের করে গ্রেপ্তার করার পাঁয়তারা করবে। আপনারা দশ বছর দলকে সময় দিয়েছেন, আর মাত্র ২০/২৫ দিন সময় দিন, জয় আমাদেরই হবে। আমরা জেতার জন্যই নির্বাচনে এসেছি। জেতা ছাড়া কোনও উপায় নেই। তিনি আরও বলেন, তারেক জিয়াকে কথা দিয়েছিলাম আপনারা পাশে থাকলে এ আসন তাকে উপহার দিবো। আজ মনোনয়ন চুড়ান্ত হলো, এবার কাজ করার আর কথা রাখার পালা। মতভেদ ভুলে দলের জন্য কাজ করুন।
