সৈকত বাবু ॥
রাঙামাটিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২১। শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলা তিনটায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। শুরুতেই রিপ রিপ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য। সাংস্কৃতিক পরিবেশনা ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, মেয়র আকবর হোসেন চৌধুরী, নিরুপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন, নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে প্রশিক্ষণের প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলোয়াড় তৈরিতে সবসময় সহযোগিতা করবে। শুধু গ্যালারি করেই কোন লাভ নাই ভালো মানের খেলোয়াড় তৈরিতে জোর দেয়ার আহবানও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রহমান বলেন, রাঙামাটির জন্য আমি স্বার্থপর। এ জেলার ভালো কিছু শুনলে আনন্দিত হই, খারপ কিছু শুনলে ব্যাথা পাই। এ জেলার ভালো কিছুর জন্য সব ধরনের সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করা হবে।
উদ্বোধনী খেলায় ইয়ার রাঙামাটি ক্লাবের মুখোমুখি হয় শাপলা স্পোর্টিং ক্লাব। প্রথম খেলায় ৪-০ গোলে শাপলা স্পোর্টিং ক্লাব ইয়াং রাঙামাটি ক্লাবকে পরাজিত করে। শাপলা স্পোর্টিং ক্লাবের শাহেদ ও জাহাঙ্গীর দুটি করে গোল করেন। টুর্নামেন্টে রাঙামাটির মোট ১৬ টি ক্লাব অংশগ্রহণ করছে।
