ইয়াছিন রানা সোহেল ॥
রাঙামাটিতে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশনের জেলা সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রীতিরেশ দেওয়ান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ এসোসিয়েশনের জেলা সভাপতি কুঞ্জ বিহারি চাকমার সভাপতিত্বে স্থানীয় একটি রেস্তোরাঁর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন দে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার দে, চিংহ্লাউ মারমা, সুশীল চাকমা, দীপালি চাকমা, কর্ণরাজ খীসা, মানিক বড়ুয়া ও রতন কান্তি নাথ বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, রাঙামাটির পাহাড়ের দুর্গম এলাকায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উদ্ভাবিত প্রযুক্তিগত গবেষণা জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে তা সম্প্রসারণের ক্ষেত্রে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কারণে পার্বত্য জেলার প্রাণিসম্পদ খাত দিন দিন অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। পাহাড়ের মানুষের পুষ্টি ও প্রোটিন চাহিদা মিটিয়ে দেশরে অন্যন্য অঞ্চলের চাহিদা পূরণ করে চলেছে। তাই এ প্রাণিসম্পদ খাতকে আরো সম্প্রসারণের ক্ষেত্রে নবগঠিত বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
বক্তারা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের স্বার্থে ১০ম গ্রেড বাস্তবায়ন, অর্গানোগ্রামে প্রমোশন পদ যুক্তকরণ ও নিয়োগ বিধি সংশোধনের জন্য জোর দাবি জানান। এর আগে জেলা এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জেলা সম্পাদক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন দে বার্ষিক রিপোর্ট ও অর্থ সম্পাদক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ দেওয়ানজি আয়ব্যয় হিসাব পেশ করেন।
