নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক প্রিয়নন্দ চাকমা, পিটিআইয়ের সুপার(অতি.) মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইকরাম উল্লাহ চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা, জুরাছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোরশেদুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মুজিবুল হক বুলবুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ আয়োজনের মাধ্যমে ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধূলার প্রতি আকৃষ্ট হচ্ছে। যার ফলে বাংলাদেশ নারী সাফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
