‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল দশটায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণে বেসিনে হাত ধুয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম। এসময় জেলা পরিষদের সদস্যগণ, নির্বাহী প্রকৌশলী ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়ে আসছে। মূলতঃ এটির লক্ষ্যই জনসাধারণকে স্যানিটেশন ব্যবস্থা সর্ম্পকে অবগত করা ও হাত ধোয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে মানুষ আগে থেকে অনেকাংশে সচেতন হয়েছে যে বার বার হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ।
