রাঙামাটিতে পৌর ছাত্রদলের ১নং ওর্য়াডের নেতা মো. জুবায়েদ পারভেজ ( ২৫) ও ২নং ওয়ার্ডের নেতা মুক্তার আহম্মেদের (২৪) ওপর হামলার অভিযোগ করেছে জেলা ছাত্রদল। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি তারা এ অভিযোগ করেন। বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা অভিযোগ করে বলেন, ‘শনিবার দুপুর একটার দিকে ১নং ওর্য়াডের ছাত্রদল নেতা মো. জুবায়েদ পারভেজ ( ২৫) ও ২নং ওয়ার্ডের ছাত্রদল নেতা মুক্তার আহম্মেদের (২৪) ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও শহরে ধানের শীষের পোষ্টার বিভিন্ন ওর্য়াডে ছাত্রদলের নেতাকর্মীরা লাগিয়েছে, সেসব পোষ্টারও বিশেষ করে ২নং ওর্য়াড, ৪নং ওর্য়াড, ৬নং ওর্য়াড, ৭নং ওর্য়াডের লাগানো পোষ্টার রাতের আঁধারে ছিড়ে ফেলা হয়েছে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘হামলা-মামলা করে ও পোষ্টার ছিড়ে আমাদের ঠেকানো যাবে না, ছাত্রদল প্রতিহিংসার রাজনীতি করে না, তারপরও তাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে কেন? (বিজ্ঞপ্তি)
