জিয়াউল জিয়া
রাঙামাটিতে দীর্ঘ একমাস বিরতির পর আবারও করোনার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এ টিকা প্রদান করা হয়। গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান ২৮ মার্চ শুরু হলেও টিকা কেন্দ্রে মঙ্গলবার উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। ৩০ মার্চও চলবে এ কার্যক্রম। সরকারের ঘোষণা অনুযায়ী একদিনে কোটি মানুষকে টিকা প্রদানের লক্ষে গত ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এ গণ টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছিল। রাঙামাটি জেলায় গণটিকার ডোজ গ্রহণ করেছিল ৪৫ হাজার মানুষ।
স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, জেলায় এই পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৪ লাখ ৯১ হাজার ৩৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৬৪৫ জন, বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৪১ হাজার ৫২৫ জন। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৪৩৯ জন, দ্বিতীয় ডোজ ৪৯ হাজার ৫০৮ জন।
