রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে ‘রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতি’র নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এসময় নেতৃবৃন্দ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীসেবার মান বৃদ্ধি দাবিতে ১১ দফা দাবিনামা উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলম মুন্না। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পরিবহন ব্যবসার নামে দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময়ধরে দেশের বৃহত্তম এই জেলার কয়েক লাখ মানুষকে জিম্মি করে রেখেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নামে একটি সংগঠন। এখানে সেবা নামের কথাটি অস্পর্শই রয়ে গেছে। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চাঁদাবাজি, ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর পুরাতন গাড়ি দিয়ে নৈরাজ্য চালিয়ে আসছে। রাঙ্গামাটির মানুষ তাদের এই শোষণের প্রতিবাদ জানিয়ে আসলেও তারা এর কর্নপাত করেননি। তাই আমরা যাত্রীদের অধিকার আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাব।
শেষে আনোয়ার মিয়াকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলম মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
