দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত করতে রাঙামাটিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালত এসময় ৪ জনকে ৮শত টাকা জরিমান করে।
মঙ্গলবার শহরের বনরূপাসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান।
এসময় মাস্কবিহীন মানুষদের সচেতন এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া বিভিন্ন যাত্রীবাহি বাস, অটোরিকশায় যাত্রীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন বাজারে পণ্যের তালিকা প্রদর্শনেরও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
তবে মাস্ক পরিধানে সাধারণ মানুষের মধ্যে এখনো তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলেই তখনি মাস্ক পরিধান করতে অনেককে দেখা যায়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান বলেন, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হচ্ছে। প্রাথমিকভাবে জরিমানা নয়; সচেতনতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে, তারপরও যারা নিয়ম মানছেন না তারা জরিমানার আওতায় আনা হচ্ছে।
