কাউখালীর বেতবুনিয়া থেকে মঙ্গলবার চাইথুই মং মারমা (৪৫) নামে যুবকের লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ আটক করেছে সন্দেহভাজন ৩ জনকে। এ ঘটনা হত্যাকাণ্ড এবং আটক যুবকরা তাতে জড়িত বলে কাউখালী থানা পুলিশ দাবি করেছে।
সূত্র জানায়, পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে পাইথুই মারমা (১৯), চাচিং মারমা (৩০) ও চাইমং থোয়াই (১৮) নামে তিনজনকে।
সূত্র জানায়, বেতবুনিয়া ইউনিয়নের আমছড়ি পচুপাড়া এলাকার চাইথুই মং মারমা ১০ হাজার টাকা পেতেন আমতলী এলাকার ক্যাসিনো মারমার (৪৫) কাছে। এ নিয়ে তাকে দীর্ঘদিন ঘোরানো হচ্ছিল। সোমবার রাতে ক্যাসিনো মারমার কাছে পাওনা টাকা চাইতে গেলে হত্যার শিকার হন চাইথুই মং। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্যাসিনো ও তার সাথে থাকা কয়েকজন চাইথুই মং মারমাকে বেধড়ক মারধর করে। এরপর চাইথুইকে পাহাড়ের ঝিড়িতে ফেলে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার হলে ঘটনা জানাজানি হয়।
কাউখালী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মূল আসামি ক্যাসিনো মারমা পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।
