মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম। তিনি বলেন- সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অনাচর রোধে পুলিশের ভূমিকা হবে দৃষ্টান্তমূলক। যা নজির সৃষ্টি করবে। আপনাদের সঠিক তথ্যে মাদক নির্মূল সম্ভব। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে মাদক মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। তাই সকলের প্রতি মাদক বিরোধী অবস্থান নেয়ার আহবান জানান।
তিনি আরো বলেন- আমাদের বান্দরবান তথা নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে, তবুও আপনাদেরকে বলবো কারা কারা এলাকায় ইয়াবা ব্যবস্যা করে এবং কারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের তালিকা প্রস্তুত করে পুলিশকে দিন। পুলিশ দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা স্থানীয়রা পুলিশের চেয়ে ভালো চেনেন কারা ইয়াবা ব্যবস্যা করে তাদেরকে চিহ্নিত প্রশাসনের সহযোগিতা নিন তাহলে পরে সমাজ থেকে মাদক ও ইয়াবা ব্যবসা আমরা বন্ধ করতে পারবো।
এছাড়া সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমরা বাংলাদেশ পুলিশ সব ধরনের অনাচার, অপরাধ কর্মকান্ড মোকাবেলা করতে প্রস্তুত। সমাজে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় চলমান, আপনাদের ধারপ্রান্তে পুলিশিং সেবা দিতে আমরা সদা প্রস্তুত। সমাজের কোন মানুষ যেন নির্যাতিত, নিপীড়িত না হয়, সে দিকে আমাদের সবসময় সুদৃষ্টি আছে এবং থাকবে, ইনশাআল্লাহ আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কুদ্দুস ফরাজী পিপিএম, বান্দরবান জেলা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর, নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক এডভোকেট তারেক আজিজ জামী, ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।
