পার্বত্য জেলা রাঙামাটির কাউখালীতেও বইতে শুরু করেছে ভোটের হাওয়া। এরই মধ্যে মাঠে নেমে পড়েছে ক্ষমাতসীন দল আওয়ামীলীগ। তবে এখনো মাঠে দেখা যাচ্ছে না বিএনপির কোন কার্যক্রম। এলাকায় এলাকায় এরই মধ্যে আওয়ামীলীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। বিভিন্ন এলাকায় মহিলাদের নিয়ে করা হয়েছে উঠান বৈঠক। নির্বাচনের তফসীল ঘোষনার সপ্তাহ খানেক আগে থেকে এ কার্যক্রম শুরু করে উপজেলা আওয়ামীলীগ। যার নেতৃত্ব ছিলেন উপজেলা আওয়ামীলীগের কর্ণধর অংসি প্রু চৌধুরী। দলীয় নেতাকর্মীরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান।
সরেজমিনে আওয়ামীলীগের নির্বাচন কার্যক্রম চোখে পড়লেও এখনো কোন কার্যক্রম দেখা যায়নি উপজেলা বিএনপির। নেতাদের দাবি কেন্দ্রীয় ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসলেই মাঠে নেমে পড়বেন তারা। এজন্য নিজের অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার পর ভয়হীন প্রচার প্রচারণা চালাতে পারবে কিনা- এই নিয়ে সন্ধিহান দলটির নেতারা।
কাউখালী উপজেলা এক সময় বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তা আওয়ামীলীগের দখলে। আওয়ামীলীগ নেতারা মনে করেন, এর পেছনে অন্যতম কারণ হলো আওয়ামীলীগের পরিচ্ছন্ন রাজনীতি ও উন্নয়নের মাধ্যমে উপজেলার চিত্র পাল্টে দেওয়া।
একদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ করতে নানা প্রস্তুতি নিচ্ছে উপজেলা নির্বাচন অফিস। অফিস সূত্রে জানা গেছে- এরই মধ্যে চুড়ান্ত করা হয়েছে উপজেলা ৪টি ইউনিয়নের ২০টি ভোট কেন্দ্র। প্রস্তুত করা হচ্ছে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল। ২০টি কেন্দ্রে বুথ থাকছে ৯৫টি। এর আগেই প্রস্তুত করা হয়েছে নিভূল ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকা। ২০টি ভোট কেন্দ্রের মধ্যে বেতবুনিয়াতে ১২ হাজার ১৯১ জন ভোটারের জন্য ৬টি, ফটিকছড়িতে ৩ হাজার ৭১২ জন ভোটারের জন্য ৩টি, ঘাগড়াতে ১৬ হাজার ৫৩০ জন ভোটারের জন্য ৭টি এবং কলমপতিতে ১০ হাজার ৩৮০ জন ভোটারের জন্য ৪টি কেন্দ্র রয়েছে।
এবার এ উপজেলায় মোট ৪২ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে নারী ভোটার ২০ হাজার ৯২২ ও পুরুষ ভোটার ২১ হাজার ৮৯১ জন। ২০ টি কেন্দ্রের মধ্যে প্রাথমিক ভাবে ৯টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ, ৭ টিকে ঝুকিপূর্ণ এবং ৪টি সাধারণ কেন্দ্র হিসেবে তালিকা তৈরি করা হয়েছে।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু করতে আমরা বদ্ধপরিকর। বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। আশা করছি, কাউখালীতে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো।’
