মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ শ্লোগানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন।
সকলক্ষেত্রে দুর্নীতিকে না বলার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যাহ বলেছেন, সারা বিশ্ব সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশেও দুর্নীতির বিরুদ্ধে নানামুখী কার্যক্রম চলছে। তিনি বলেন, শুধুমাত্র আইন করে বা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব না। এজন্য সমাজের সকল স্তরের, সব নাগরিকের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল গনি, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল বিশেষ অতিথি হিসাবে প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো: বাবলু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো: বাদশা ফয়সাল ছাড়াও পদস্ত বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
