সাইফুল হাসান
প্রকাশনার ২২ বছরের ধারাবাহিকতায় এবছরও শারদীয় দুুর্গোৎসব উপলক্ষে মমতাময়ী প্রকাশনার মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাঙামাটি তবলছড়ির রক্ষা কালী বাড়ি প্রাঙ্গণে মমতাময়ী প্রকাশনা পরিষদের আয়োজনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় মমতাময়ী প্রকাশনা পরিষদের সম্পাদক ফজলে এলাহীর সঞ্চালনায় ও মলয় ত্রিপুরা কিশোর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমা।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি সমন্বয় কমিটির সদস্য সচিব রণতোষ মল্লিক, চিত্রশিল্পী রেজাউল করিম রেজা, মোহাম্মদ ইব্রাহিম। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতাময়ীর আরেক সম্পাদক শংকর হোড়। এসময় আরও বক্তব্য রাখেন গীতা শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত, ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল।
আলোচনা সভায় বক্তারা বলেন, মমতাময়ী দীর্ঘ ২২ বছর ধরে সম্পাদনা করা হচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। তাদের এ কাজ যেনো আগামীতেও অব্যহত থাকে সে প্রত্যাশা করি। বক্তারা আরও বলেন, এ অনুষ্ঠানে এসে অসাম্প্রদায়িক যে চেতনা তা আবারও প্রমাণিত হলো। আমরা আশা করবো এভাবে আমাদের তরুণদের মাঝে অসা¤প্রদায়িকতা চেতনা থাকবে। সবাই মিলেমিশে আমাদের বাঙালির সকল উৎসব পালন করবো বলেও আশা ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’কে গুণিজন সংবর্ধনা, সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য গীতা শিক্ষা সমন্বয় কমিটিকে সংবর্ধনা, মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা, বস্ত্র উপহারসহ অর্ধশত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
