জিয়াউল জিয়া
পার্বত্য জেলা রাঙামাটিতে ৪র্থ ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের একদিন আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কিভাবে ভোট দেয়া যায়, তা দেখাতে কেন্দ্রে কেন্দে অনুষ্ঠিত অনুশীলন বা মক ভোটিং-এ ভোট দিয়েছেন অসংখ্য মানুষ।
ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে শুক্রবার সকাল ১০ টা থেকে পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মকভোট) অনুষ্ঠিত হয়।
রবিবার মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তা বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
মক ভোট প্রয়োগ শেষে ভোটাররা জানান, যতটা জটিল মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে ছবি আসলো আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো।
শহীদ আব্দুল আলী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার মো. জাফর খান জানান, অনুশীলন বা মক ভোটিং সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএম এর মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।
আগামী ১৪ ফেব্রæয়ারি ৪র্থ ধাপে ৬২ হাজার ৯১৩ জন ভোটার প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে পৌর প্রতিনিধি নির্বাচন করবেন।
