৩২ ঘন্টার হরতাল ৯ ঘন্টা পর স্থগিত ঘোষণা
সাইফুল হাসান
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাকে কেন্দ্র করে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘন্টার হরতাল ৯ ঘন্টা পালন শেষে স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে হরতাল স্থগিত ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বুধবার (৭ সেপ্টম্বর) ভূমি কমিশনের ডাকা সভা স্থগিত সহ ৭ দফা দাবিতে আমরা ৩২ ঘন্টা হরতালের ঘোষণা করেছিলাম। কিন্তু হরতালের কারণে দুপুর ১টায় সংবাদ আসে কমিশন সভা স্থগিত করেছে। সুতরাং কমিশন যখন সভা স্থগিত করেছে, তাই আমরা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার বিকাল ৩টা হতে হরতাল স্থগিত করছি।
তিনি আরও বলেন, আমরা সজাগ আছি, যদি তারা লুকোচুরি করে সভা করতে চায় তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
অন্যদিকে মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে এক স্মারকের মাধ্যমে ভূমি কমিশনের সভা স্থগিত করার সিদ্ধান্ত নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ নেজাম উদ্দিন।
সচিব মোহাম্মদ নেজাম উদ্দীনের স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, “কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সূক্রোক্ত স্মারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত পত্রে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ০৬ ও ০৭ সেপ্টম্বর ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ কর্তৃক হরতাল আহ্বান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের বুধবার (৭ সেপ্টম্বর) পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশনের বুধবার (৭ সেপ্টম্বর) এর সভা স্থগিত করা হল। পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।”
প্রসঙ্গত, বুধবার (৭ সেপ্টম্বর) ভূমি কমিশনের সভাকে কেন্দ্র করে সভা বাতিল সহ ৭ দফা দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে মঙ্গলবার (৬ সেপ্টম্বর) সকাল ৬টা হতে পরের দিন বুধবার (৭ সেপ্টম্বর) দুপুর ২ টা পর্যন্ত ৩২ ঘন্টার হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
