মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে গতকাল সকালে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন, দেশাত্মবোধক ও সাধারণ গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ ডিসেম্বর সকালে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ আবদুল আলীর স্মৃতিস্তম্ভ ও নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, সকাল আটটায় রাঙামাটি মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ক্রীড়ানুষ্ঠান, সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ নিজস্ব সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিকেল তিনটায় রাঙামাটি মারী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা, সাড়ে তিনটায় একই স্থানে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আওতায় ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট ও রশি টানাটানি প্রতিযোগিতা, বিকেল চারটায় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। সন্ধ্যা ছয়টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও শহরের প্রধান সড়ক, সড়ক দ্বীপসমূহ এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।