দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই নেতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দীনের বিরুদ্ধে গতকাল (মঙ্গলবার) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়ন পরিষদের পক্ষে গ্রাম পুলিশ মো. জালাল উদ্দীন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে অভিযোগপূর্ন এলাকায় কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে; এবং অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
মেরুং ইউপি চেয়ারম্যান রহমান কবীর রতন জানান, ২০০৩ সালে মোসলেম উদ্দীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন পরিষদের জন্য ইউনিয়নের মধ্যবোয়ালখালি এলাকায় পঞ্চাশ শতাংশ জায়গা ক্রয় করা হয়। দলীলমূলে ক্রেতা ১নং মেরুং ইউনিয়ন পরিষদ এর পক্ষে মো. মোসলেম উদ্দীন, চেয়ারম্যান, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ। তখন থেকে জায়গাটি খালি থাকলেও সম্প্রতি হটাৎ করে সাবেক চেয়ারম্যান জায়গাটিতে বাজারের আদলে বেশ কয়েকটি দোকান ঘর নির্মান শুরু করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দ্বায়ের করা হয়েছে এবং অফিসিয়ালি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।
অপরদিকে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, জায়গাটি ক্রয় করা হয়েছিল তাঁর নিজ নামে ব্যাক্তিগত টাকায়। তখন পরিষদ ভবন নির্মানের জন্য পরিষদের পক্ষে ক্রেতা হিসেবে তাঁর নামে আরেকটি ক্রয়কৃত হলফনামা দলিল করা হয়েছিল। পরবর্তীতে ছোটমেরুং এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ছোটমেরুং এলাকাতেই পরিষদ ভবন নির্মান করা হয়। আর মধ্যবোয়ালখালির জায়গাটি আসলে পরিষদের টাকায় ক্রয় করা হয়নি। কিন্তু পরিষদের পক্ষে সেসময়ের সৃজিত দলিল দেখিয়ে অভিযোগ করা হচ্ছে।
