বান্দরবানের রুমায় অাগ্নেয়াস্ত্র গুলিসহ জনসংহতি সমিতি সমর্থিত এক ইউপি সদস্যকে (মেম্বার) আটক করা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার বাজারপাড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ইউপি সদস্য শৈহ্লা প্রু মারমা (৪৫) কে অস্ত্র গুলিসহ অাটক করে সেনাবাহিনী। এসম তার কাছ থেকে ২টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৩৩ হাজার নগদ টাকা, চাঁদার রশীদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, আটককৃত শৈহ্লা প্রু মারমা জনসংহতি সমিতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফউল ইসলাম জানান, অস্ত্র গুলিসহ এক ইউপি মেম্বারকে সেনাবাহিনী অাটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে রুমা থানায় অস্ত্র অাইনে একটি মামলা হয়েছে।