নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান স্টেডিয়াম মাঠে ৬৯ সেনা রিজিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, মেজর মাহমুদুল হাসান সোহাগ, জিটুআই ক্যাপ্টেন নাইম, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ উপস্থিত ছিলেন।
সেনা বাহিনী জানায়, ১টি হুইল চেয়ার, ১টি রিক্সা, ৫টি ভ্যান, ৭টি সেলাই মেশিন, ১টি পানির পাম্প বিতরণ করা হয়। এছাড়া ৮২ টি পরিবার ও ৩টি মসজিদের জন্য ৬লক্ষ টাকা এবং একটি ক্লাবের জন্য বাদ্যযন্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৬৯ রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি-ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নসহ যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। এসময় তিনি সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রেখে একসঙ্গে কাজ করার আহবান জানান।
