বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ভ্যাট কর্মকর্তা-কর্মচারীদের ‘অসৌজন্যমূলক আচরণ’ ও ‘হয়রানি’ বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে বান্দরবান হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হোটেল মালিক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু, লুসাই মং মারমা, শুভ্রত দাস ঝুন্টু, জসিম উদ্দিন, রাজিব বড়ুয়া, মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, হঠাৎ বান্দরবানের বিভিন্ন হোটেল-মোটেলে প্রবেশ করে রক্ষিত বর্ডার রেজিষ্টার খাতা ও অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ ফাইলপত্র টানা হেচঁড়াসহ তছনছ এবং হোটেলের বিভিন্ন কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করে আগত পর্যটকদের হয়রানি করে আসছে ভ্যাট অফিসের মুষ্টিমেয় অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের নিকট হইতে উৎকোচ দাবি করে। উৎকোচ না দিলে ভ্যাট অফিসের কর্মকর্তা মানিক দত্ত ও সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াসিক বিল্লাহ হোটেল মালিক ও স্টাফদের ভয়ভীতিসহ মামলার দেয়ার হুমকি প্রদর্শন করে আসছে। যা কোনভাবেই কাম্য নয়। যদি ভ্যাট অফিসের অহেতুক এসব হয়রানি বন্ধ না হয়, তাহলে বান্দরবানের সব হোটেল মোটেল রিসোর্ট অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন এসোসিয়েশনের নেতারা।
