পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণে বান্দরবানে পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। বান্দরবানে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশের স্মরণে এই পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়।
শুক্রবার সকালে বান্দরবান পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বান্দরবানের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার। এ সময় লাইনে দাঁড়িয়ে একের পর এক ফুল দিয়ে শ্রদ্ধা জানান বান্দরবানে কর্তব্যরত বিভিন্ন থানা ও তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। পরে তাদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আলী হোসেন, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, ওসি (তদন্ত) মোঃ এনামুল হক ভুইয়া, ওসি (ডিবি) মোঃ সাত্তার হোসেনসহ বান্দরবানের কর্মরত পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
