বাজেটকে গণমুখী করে তুলতে এবং এর সর্ম্পকে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বান্দরবানে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, জেলা কমিটি। মঙ্গলবার সকালে শহরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এইমানববন্ধন কর্মসচিতে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বান্দরবান জেলা কমিটির সভাপতি অংচমং মারমা ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বিএনকেএস এর কর্মকর্তা উবানু মারমা। এ সময় বক্তারা বলেন, ‘জাতীয় বাজেট এখনো কেন্দ্র ও প্রশাসন নির্ভর বাজেট। এর সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছায় না, তাই জাতীয় বাজেটকে গণমুখী করে তুলতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।’
মানববন্ধন শেষে কৃষি-শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নতুন বছরে নতুনভাবে বরাদ্দ যোগ করার জন্য একটি বোর্ডে মতামত তুলে ধরেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
