বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে খামারবাড়ি থেকে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ব্যবসায়ির নাম নূরুল হক (৫০)। তারবাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায়। শুক্রবার’রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামূড়া এলাকায় গড়ে তোলা হাঁস মুরগির খামারবাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যবসায়ি নূরুল হক এবং খামারের ২ জন কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায়। তবে কিছু দূর নেয়ার পর খামারের ২ কর্মচারীকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ব্যবসায়িকে উদ্ধারে পাহাড়ের সম্ভাব্য স্থানগুলোতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী।
অপহৃত ব্যবসায়ীর ছোটভাই মোঃ মহিউদ্দিন বলেন, শুক্রবাররাতে নয়টার দিকে ৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী খামারবাড়িতে হামলা চালায়। প্রথমে আমার বড়ভাই ব্যবসায়ি নূরুল হক এবং খামারের ২ জন কর্মচারীকেও নিয়ে যায়। তবে কিছুদূর নেয়ার পর খামারের কর্মচারীদের ছেড়ে দেন সন্ত্রাসীরা। তবে আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে। কর্মচারীরা ছাড়া পেয়ে আমাদের বিষয়টি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, অপহরণের খবর পেয়েছি। তবে লিখিত এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
