নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
পর্যটন শিল্পের বিকাশে বান্দরবানে আধুনিক জেলা ও রুমা উপজেলা দুটো বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকার প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন হারুন উর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাস, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিভাগ তথ্যমতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনাল এবং ১ কোটি টাকা ব্যয়ে রুমা উপজেলা বাস টার্মিনাল পুনঃনির্মাণ কাজ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক সরকার। পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। পর্যটন শিল্পের বিকাশে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এবং অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
