মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর নির্মিত ৪০৯ ফুট দৈর্ঘ্যরে সেতুটির গার্ডার দ্বিতীয় বারের মতো বিকট শব্দে ভেঙ্গে পড়েছে। সোমবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। এতে মোঃ ইউছুফ ও মোঃ সবুজ নামে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত দুইজনের বাড়িই জামালপুর। এর আগে দুই বছর আগে এই সেতুর গার্ডার ভেঙ্গে পড়েছিল।
খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। এর আগেও একবার গার্ডারটি ভেঙ্গে পড়ে। স্থানীয়রা জানায়, সেতু নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় এপর্যন্ত দুইবার গার্ডার ভেঙ্গে পড়েছে।
এদিকে দুর্ঘটনার পর সকালে খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা রাতে কাজ করার সময় একটি গার্ডার কাত হয়ে পড়ে এবং একটি রেডি গার্ডার নিচে ধসে পড়েছে। সেন্টারিংয়ের কোনও সমস্যা কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
