বাঘাইছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলের সকল মানুষের অধিকার আদায়ের একমাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সভাপতি, মোক্তার হোসেন সোহেল সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে রাঙামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ।
শনিবার বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মোঃ আবসার হোসেনের সঞ্চালনায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি ঘোষণা করার আগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, রাষ্ট্রীয় অখন্ডতা বজায় রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দুরদর্শী নেতৃত্বে ১৯৯৭ সালে ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি’ সম্পাদন করেন।
চুক্তির শর্ত অনুযায়ী শান্তিবাহিনী আত্মসমর্পণ করলেও কিছু অস্ত্র জমা দিয়ে তাদের সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। চাঁদাবাজির টাকায় তাদের অস্ত্রের ভান্ডার দিন দিন আরও সমৃদ্ধ হয়েছে। আর এ চাঁদাবাজির টাকার লোভে জনসংহতি সমিতি ভেঙ্গে একের পর এক মোট চারটি উপজাতি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে। যার ফলে এ অঞ্চলের মানুষ চুক্তির কাক্সিক্ষত সুফল পাচ্ছে না।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ কাজী মজিবর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ির সাবেক পৌর মেয়র আলমগীর কবির, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি শাকিব, নাগরিক পরিষদ কেন্দ্রীয় নেতা মোঃ মাসুম রানা, সাবেক রাঙামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, রহমতুল্লাহ খাজা।
