বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৬ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের আয়োজনে বাঘাইহাট জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে আদর্শপাড়া একাদশ বনাম মাচালং একাদশ মুখোমুখি হয়। খেলাটি ১-১ এ ড্র হয়।
এর আগে সোমবার দুপুরে বাঘাইহাট সেনা জোন সদর মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোনের অধিনায়ক লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি। এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইহাট জোনের ক্যাপ্টেন রাজ্জাক, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা, রূপকারী ইউপি চেয়ারম্যান জেসমিন চাকমা, সাজেক ইউপির সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন, সম্পাদক মো. জুয়েল, বিমল কান্তি (রিত বাবু) চাকমা।
এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সম্প্রীতির উন্নয়নে বিনোদনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন, এই টুর্নামেন্টের মাধ্যেেম এই এলাকার খেলাদুলাকে আরো এগিয়ে নিতে হবে। ক্রীড়াঙ্গন যুব সমাজকে অপরাধমুলক কর্মকান্ড থেকে দূরে রাখার পাশাপাশি মন উৎফুল্ল ও শরীর গঠনে সহায়ক ভূমিকা রাখে।
টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ও বিকেলে দুটি পর্বে খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে বাছাই শেষে অংশগ্রহণকারীরা রিজিয়ন কাপ ফুটবল-২০২২ এর অনুষ্ঠিত খেলায় অংশ নেবেন বলে জানা যায়।
এসময় উদ্বোধনী টুর্নামেন্ট উপভোগ করতে জড়ো হয় সাজেক এলাকায় বসবাসরত হাজারো পাহাড়ী-বাঙ্গালী’র সর্বস্তরের জনগণ। এসময় খেলার মাঠটি রূপ নেয় পাহাড়ি-বাঙালির মিলন মেলায়।
